সেনা অভ্যুত্থান ব্যর্থ হলেও তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এর্দোয়ান তার সমর্থকদের আগামী শুক্রবার পর্যন্ত রাজপথে থাকার আহবান জানিয়েছেন।
সেনা অভ্যুত্থানের সঙ্গে জড়িত সন্দেহে এখনো দেশটিতে শুদ্ধি অভিযান চলছে। সেনাবাহিনীর জেনারেল, কর্ণেল পদমর্যাদার কর্মকর্তা ও বিচার বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাসহ গত শনিবার থেকে এ পর্যন্ত ছয় হাজারের বেশি লোককে গ্রেপ্তার করা হয়েছে।
গত শুক্রবার তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুত্থানের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৯০ জনে। এছাড়া আহত হয়েছেন প্রায় দেড় হাজার।
প্রেসিডেন্ট এর্দোয়ান বলেছেন, অভ্যূত্থানের সঙ্গে জড়িতদের মৃত্যুদণ্ডের বিষয়টি পার্লামেন্ট বিবেচনা করবে।
তবে দেশে আইনের শাসন রক্ষার বিষয়ে সতর্ক থাকতে তুরস্কের প্রতি আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
এদিকে, ওই সেনা অভ্যুত্থানের জন্য এর্দোয়ান যুক্তরাষ্ট্র প্রবাসী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ী করলেও গুলেন বলছেন, অভ্যুত্থান প্রচেষ্টাটি ছিল এর্দোয়ানেরই একটি পরিকল্পনা।