আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে লড়তে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন গ্রহণ করলেন ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় বৃহস্পতিবার ওহাইয়ো অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ডে দলের জাতীয় সম্মেলনের চতুর্থ দিনে এ মনোনয়ন গ্রহণ করেন নিউ ইয়র্কের ব্যবসায়ী ট্রাম্প।
৭৫ মিনিটের ভাষণের শুরুতে রিপাবলিকান পার্টির এই প্রার্থী জানিয়েছেন, গ্লোবালিজম বা বিশ্বায়ন নয়— তাদের কাছে আমেরিকানিজমই মুখ্য বিষয়।
এ সময় জনগণকে এক নিরাপদ আমেরিকারও প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে দেশে আইনশৃঙ্খলা, নিরাপত্তা ফিরিয়ে আনবেন এবং অপরাধ ও সহিংসতার অবসান ঘটবে।
পাশাপাশি অবৈধ অভিবাসন, অপরাধচক্র ও মাদক ব্যবসা ঠেকাতে সীমান্ত দেয়াল তোলা হবে বলেও জানান ট্রাম্প।
রিপাবলিকান দলের এই প্রার্থী তার ভাষণে যথারীতি ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন।