তুরস্কে ব্যর্থ সেনা অভ্যুথানের পর শিক্ষা ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং গণমাধ্যমের বিরুদ্ধে দেশটির সরকারের পদক্ষেপকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক বিবৃতিতে জানানো হয়েছে ইইউ তুরস্কে জরুরী অবস্থা জারির সিদ্ধান্তে ভীষণ উদ্বিগ্ন।
বিবৃতিতে আরো বলা হয়, এ ধরণের পদক্ষেপ তুরস্কের নেতৃত্বকে আরো কর্তৃত্ববাদী করে তুলবে। ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জেরে দেশটিতে হাজার হাজার মানুষকে গ্রেপ্তার ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বরখাস্ত করা হচ্ছে।
ইইউ তুরস্কের প্রসিডেন্ট এরদোয়ানকে আইনের শাসন, মানবাধিকার এবং জনগণের স্বাধীনতার প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে।
ইউরোপীয় মানবাধিকার কনভেনশন স্থগিত করার সিদ্ধান্তের বিষয়েও তুরস্ককে ইইউ সতর্ক করেছে।
বুধবার রাজধানী আঙ্কারার প্রসিডেন্ট প্রাসাদে নিজের মন্ত্রী সভাকে সামনে রেখে টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ঘোষণায় এরদোয়ান জরুরি অবস্থা ঘোষণা করেন।
ঘোষণা বলা হয়, ৩ মাসের এ জরুরি অবস্থার সময়ে তিনি সামরিক বাহিনীর ভাইরাস পরিস্কার করবেন।
অভ্যুত্থান চেষ্টার প্রতিক্রিয়ায় এরইমধ্যে ৬০০ স্কুল বন্ধ ও হাজার হাজার রাষ্ট্রীয় কর্মীকে চাকরী থেকে বরখাস্ত করা হয়েছে, উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ হাজার হাজার সেনাকে গ্রেপ্তার করা হয়েছে।