আল কায়েদার সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা দিয়েছে সিরিয়ার জঙ্গিগোষ্ঠি আল-নুসরা ফ্রন্ট। এছাড়া এখন থেকে জাবাত ফাতেহ আল-শাম নামেই পরিচিত হবে দলটি জানিয়েছে, এর নেতা আবু মোহাম্মদ আল-জুলানি।
দলের সিদ্ধান্ত জানাতে প্রথমবারের মতো একটি ধারণকৃত বার্তা প্রচার করেছে আল নুসরা ফ্রন্ট।
দলটির নেতা আবু মোহাম্মদ আল জুলানি আরো বলেন, আল কায়েদার সঙ্গে তাদের সংযোগের বিষয়টিকে অজুহাত হিসেবে ব্যবহার করে সিরিয়ায় বোমা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
তবে, নুসরা ফ্রন্টের এ পদক্ষেপকে তাদের গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি কৌশল হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র।
এদিকে, বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো থেকে নির্বিঘ্নে বেরিয়ে যেতে বেসামরিক নাগরিক ও নিরস্ত্র বিদ্রোহীদের জন্য তিনটি মানবিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে সিরিয় সরকার ও রাশিয়া। আর চতুর্থ করিডোরটি রাখা হয়েছে সশস্ত্র বিদ্রোহীদের জন্য।
তবে, মানবিক করিডোর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছে রেডক্রস।