হিরোশিমা দিবস আজ- শনিবার। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েকদিন আগে জাপানকে সমুচিত শিক্ষা দিতে হিরোশিমা শহরে প্রথম আণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র।
এর তিন দিন পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরে ফেলা হয় দ্বিতীয় বোমাটি। পুরোপুরি ধ্বংস হয়ে যায় শহর দুটি। নিহত হয় ২ লাখ ২০ হাজারেরও বেশী মানুষ। ভয়াবহ সেই দিনটির কথা জাপানের মানুষ আজও স্মরণ করছে শ্রদ্ধাজ্ঞাপন ও নানা কর্মসূচির মধ্য দিয়ে।
৬ আগস্ট ১৯৪৫ সাল। মিত্র বাহিনীর হামলায় কোণঠাসা হয়ে পড়া জাপানের হিরোশিমা শহরে প্রথম আনবিক বোমা ফেলে মার্কিনিরা। 'লিলট বয়' নামের এ বোমার বিস্ফোরণে মুহূর্তে ধ্বংসস্তুপে পরিণত হয় প্রাণচঞ্চল শহর হিরোশিমা। সঙ্গে সঙ্গে মারা যায় শহরটির এক লাখ ৪০ হাজার মানুষ।
৯ আগস্ট নাগাসাকি শহরে ফ্যাট ম্যান নামে দ্বিতীয় বোমাটিও ফেলে মার্কিন বাহিনী । মারা যায় আরো ৮০ হাজার মানুষ। আণবিক বোমা হামলায় বেঁচে যাওয়া হাজার হাজার মানুষ হন তেজস্ক্রিয়তার শিকার, আমৃত্যু বয়ে বেড়ান তার ক্ষতচিহ্ন।
প্রতিবছরের মতো জাপান সরকার ও বিভিন্ন সংগঠন উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। হিরোশিমা দিবসের ৭১ তম বার্ষিকী উপলক্ষে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার জাপানের পিস মেমোরিয়াল পার্কে জড়ো হন প্রধানমন্ত্রী শিনজো আবেসহ প্রায় ৫০ হাজার মানুষ।
এসময় আবে পারমাণবিকমুক্ত বিশ্ব গড়ার পাশাপাশি পারমাণবিক বোমার ক্ষয়ক্ষতি থেকে শিক্ষা নিতে বিশ্ব নেতা ও তরুণদের আহ্বান জানান।
স্মরণানুষ্ঠানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ ৯১টি দেশের প্রতিনিধিরা।