দীর্ঘ ১৬ বছর ধরে অনশন করছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু। গত মাসে অনশন ভাঙার সিদ্ধান্ত নেন তিনি।
এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, ১৬ বছর পর আজ (মঙ্গলবার) বিকেলে ইরম শর্মিলা চানু আনুষ্ঠানিকভাবে মধু খেয়ে অনশন ভাঙেন। তবে তার যে লড়াই সেটা তিনি চালিয়ে যাবেন বলে সাংবাদিকদের জানান।
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের প্রতিবাদে গত ১৬ বছর ধরে অনশন করে আসছিলেন ইরম শর্মিলা চানু। আইনটি মনিপুর, কাশ্মীরসহ কয়েকটি রাজ্যে চালু রয়েছে। অনশন ভাঙার পর মনিপুর রাজ্য নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন তিনি।
২০০০ সালে মনিপুর রাজ্যে ১০ জন বেসামরিক মানুষ সৈন্যদের গুলিতে নিহত হওয়ার পর অনশন শুরু করেন চানু। সেই থেকে তার অনশন চলছে। তার এ দীর্ঘ অনশনের সময় তিনি আদালতের তত্ত্বাবধানে মনিপুরের ইমপালের একটি হাসপাতালে কাটিয়েছেন, যেখানে নাকের ভেতর একটি নল দিয়ে তার শরীরে খাবার প্রবেশ করানো হতো।
এর আগে তাকে গ্রেপ্তারের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। তবে ২০১৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেন আদালত।
তবে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয়ায়, মুক্তির ২ দিন পরেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। তার এ প্রতিবাদ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে।
ইরম শর্মিলা চানুকে নৈতিকতার কারাবন্দী বলেও বর্ণনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এ প্রতিবাদে তিনি মনিপুরের নারী ও অধিকার কর্মীদের সমর্থনও পেয়েছেন।