যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে চরম কড়াকড়ির কথা বললেন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে জঙ্গিগোষ্ঠি আইএস দমনে তার পরিকল্পনার রূপরেখাও ঘোষণা করেন তিনি।
সোমবার ওহাইওতে এক ভাষণে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে যারা আসতে চান তাদেরকে নতুন একটি পরীক্ষা দিতে হবে। আবেদনকারীদের এলজিবিটি ও ধর্মীয় সহিষ্ণুতার মতো পশ্চিমা উদার মূল্যবোধ আছে কি-না? তার পরীক্ষা দিতে হবে।
এছাড়াও সন্ত্রাসবাদের ইতিহাস রয়েছে এমন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সেদেশে বসবাসে আগ্রহী আবেদনকারীদের জন্য আদর্শগত একটি পরীক্ষার ব্যবস্থা করা হবে। তবে কোনো দেশের নাগরিকদের ব্যপারে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে তা স্পষ্ট করেননি ট্রাম্প।
এদিকে, ট্রাম্পের এ পরিকল্পনাকে মানববিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন তার অন্যতম ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন।