সিরিয়ায় বিমান হামলা থেকে বেঁচে যাওয়া ৫ বছরের শিশু ওমরান দাকনিশের রক্তাক্ত ছবি ও ভিডিও তোলপাড় তুলেছে সারাবিশ্বে।
বিবিসি সূত্র মতে, সম্প্রতি সিরিয়ার আলেপ্পোয় সরকারী বাহিনীর বিমান হামলার পর একটি বিধ্বস্ত ভবন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি ও ভিডিওটি আলোড়ন তোলে বলেই জানিয়েছে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থক আলেপ্পো মিডিয়া সেন্টার।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বোমা হামলার পর শিশুটিকে বিধ্বস্ত ভবনের ভেতর আহত ও হতভম্ব হয়ে বসে থাকতে দেখেন তারা। এর পরপরই তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেয়া হয়। ওমরান মাথায় আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
তবে বড় ধরনের জখম না থাকায় হাসপাতাল থেকে শিশুটিকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা। ওমরানের পরিবারের সদস্যদের সম্পর্কে কিছু জানা যায়নি।
ধারণা করা হচ্ছে, হামলা থেকে তার বাবা-মা ও তিন ভাই-বোন বেঁচে গেছে। বিমান হামলার ওই ঘটনায় ৩ জন নিহত ও ১২ জন আহত হয়েছে।