ইসলাম ধর্মকে হেয় করায় মালয়েশিয়ায় রিমান্ডে নেয়া হয়েছে জনপ্রিয় ও বিতর্কিত গায়ক নেইময়িকে যার আসল নাম উয়ি মেং শি।
‘ও মাই গড’ নামে নিজের সর্বশেষ মিউজিক ভিডিওতে দেশটির বিভিন্ন ধর্মীয় স্থাপনার সামনে নেইময়ি ও তার ব্যান্ড যেভাবে নেচে নেচে গান গেয়েছেন তাতে ইসলাম ধর্মকে হেয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
তবে, শনিবার মিউজিক ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার সময় ওই গায়ক বলেছিলেন, গানটি ধর্মীয় সম্প্রীতির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এর পরদিনই গ্রেপ্তার হন তিনি।
গানটি পোস্ট করার একদিনের মধ্যেই প্রায় কুড়িটি বেসরকারি প্রতিষ্ঠান এ নিয়ে অভিযোগ জানায় সরকারের কাছে। মূলত চাইনিজ ম্যান্ডারিন ভাষায় গান করেন নেইময়ি। তিনি চীন ও তাইওয়ানেও ব্যাপক জনপ্রিয়।
ভিডিও চিত্রটিতে মূলগায়ক ও অন্যান্য গায়কদেরও ফুটেজ রয়েছে। এতে তারা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের প্রতীক ব্যবহার করেছেন। একটি মসজিদ ও একটি গির্জার পাশাপাশি হিন্দু, বৌদ্ধ ও তাওইস্ট মন্দিরেও গানটির চিত্রায়ণ করা হয়েছে।
মায়য়েশিয়ায় সাধারণত সহনশীল ইসলামের চর্চা কথা হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে ধর্মীয় উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। জুলাই মাসে নেইময়ি’র মিউজিক ভিডিওটিতে ইসলামকে অবমাননা করা হয়েছে বলে কয়েকটি সংগঠন পুলিশের কাছে অভিযোগ করে।