ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বদলে ‘বাংলা’ করার প্রস্তাব পাশ হয়েছে রাজ্যে বিধানসভায়। পাশাপাশি ওই রাজ্যটিকে হিন্দিতে বঙ্গাল, ইংরেজিতে বেঙ্গল করার প্রস্তাবও পাশ হয়।
স্থানীয় সময় সোমবার বিধানসভার এ অধিবেশনে ১৮৯-৩১ ভোটে প্রস্তাবটি পাশ হয়।
তবে ভোটাভুটির পর অধিবেশন থেকে বামরা বের হয়ে যায়। আর আগেই অধিবেশনকক্ষ ত্যাগ করে কংগ্রেস।
এখন এই পরিবর্তন বাস্তবায়ন করতে হলে লোকসভায় পাশ হতে হবে। সেখানে পাশ হওয়ার পর সংবিধান সংশোধনীর মাধ্যমে এই নাম কার্যকর হবে।
প্রসঙ্গত, বাংলায় পশ্চিমবঙ্গ, আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গলই ছিল ১৯৪৭ এর পর থেকে পদ্মার ওপারে সবুজ শ্যামল বঙ্গভূমির পরিচয়।
রাজ্যের নাম বদলের উদ্যোগ নেয়া হয়েছে আগেও। বাংলায় পশ্চিমবঙ্গ আর ইংরেজিতে ওয়েস্ট বেঙ্গল, দু'রকম নাম না রেখে রাজ্যের নাম শুধু পশ্চিমবঙ্গ করা হোক-রাজ্যের তরফে এমন প্রস্তাব আগেও গিয়েছিল কেন্দ্রের কাছে। কিন্তু তাতে সবুজ সংকেত মেলেনি।