ইয়েমেনের আডেন শহরে একটি সামরিক নিয়োগ কেন্দ্রে আত্মঘাতী গাড়িবোমা হামলায় ৬০ নিহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোরে আডেন শহরের সামরিক নিয়োগ কেন্দ্রে জড়ো হওয়া লোকজনের ভিড়ে বিস্ফোরকসহ একটি গাড়ি নিয়ে এক হামলাকারী আচমকা ঢুকে পড়ে এবং বোমার বিস্ফোরণ ঘটায়। এ হামলায় ৬০ জন নিহত এবং ২৯ জন আহত হয়।
তবে হতাহতের সবাই দেশটির সামরিক বাহিনীর সদ্য নিয়োগপ্রাপ্ত সদস্য কি-না?— তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনার পর ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে দাবি করেছে জঙ্গি সংগঠনটির মুখপত্র হিসেবে পরিচিত সংবাদ সংস্থা ‘আমাক’।
উল্লেখ্য, ইরানের সমর্থনপুষ্ট বিদ্রোহী ও ইসলামপন্থি জঙ্গিদের বিরুদ্ধে গত ২ বছরে ধরে দেশজুড়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার।
আর আডেনই হচ্ছে এই সরকারের অস্থায়ী ঘাঁটি।