অস্ট্রেলিয়ার সিডনিতে তাসমিম বাহার (৩৫) নামে এক বাংলাদেশি নারী ও তার সাবেক সঙ্গীর মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ সদস্যরা।
সিডনি মর্নিং হেরাল্ড এক প্রতিবেদনে জানানো হয়েছে, ছয় বছর একসঙ্গে থাকার পর কিছুদিন আগে তাসমিন বাহারের সঙ্গে সঙ্গী ডেভ পিল্লাইয়ের (৪০) বিচ্ছেদ হয়, এরপর মেয়েকে নিয়ে অন্য বাসায় চলে যান তাসমিন।
রোববার বাবা দিবসে মেয়েকে তার বাবার সঙ্গে সময় কাটানোর সুযোগ দিতে সিডনির স্মিথফেল্ডের ওই বাড়িতে যান তাসমিন। দুপুরে পিল্লাইয়ের এক আত্মীয় ওই বাড়িতে গিয়ে বাথরুমে দুজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়।
সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, তাসমিনের মৃত্যুের খবর পেয়ে তার বোন শারজিন বাহার নিউইয়র্ক থেকে রওনা হয়েছেন তিনি বাংলাদেশ হয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছাবেন।
বোনের মেয়েকে নিজের কাছে রাখতে চান বলেও অস্ট্রেলীয় পত্রিকাটিকে জানিয়েছেন শারজিন।
তিনি বলেন, পিল্লাই মারধরের হুমকি দেয়া শুরু করায় মেয়েকে নিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তাসমিন। বিষয়টি পুলিশকেও জানিয়ে রাখা হয়েছিল।
তিনি আরো বলেন, আমি ওকে বলেছিলাম ওই বাড়িতে আর না যেতে— কিন্তু ‘ফাদারস ডে’ বলে ও মেয়েকে নিয়ে সেখানে গিয়েছিল ও চাইছিল ডেভ তার মেয়েকে দেখুক।
তাসমিনের খালাতো বোন সিফাত শারমিন রুপন্তি জানান, ডেভ পিল্লাই যে হুমকি দিচ্ছিলেন—সে কথা তাকেও বলেছিলেন তাসমিন।
রুপন্তির দেয়া তথ্যম অনুযায়ী, ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর বিশ্ববিদ্যা্লয়ের ডিগ্রি নেন তাসমিন।
সিডনির পুলিশ বলছে, এ ঘটনায় তারা অন্য২ আর কাওকে সন্দেহ করছে না- কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।