কাশ্মির সীমান্তের উরিতে হামলার ঘটনা কেন্দ্র করে পাকিস্তান-ভারতের মধ্যে টানাপড়েন এখনো চলছে। সিন্ধু নদীর পানি বন্টন চুক্তি নিয়ে সোমবার গুরুত্বপূর্ণ এক বৈঠক শেষে— রক্ত আর পানি একসঙ্গে বইতে পারে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
তবে দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হয়ে আসবে এ বিষয়ে এখনো আশাবাদী ইসলামাবাদ।
সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় ৫৬ বছর আগের সিন্ধু পানিচুক্তি নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।
১৯৬০ সালে করা এ চুক্তি অনুযায়ী ভারতের পশ্চিম দিকের ৩টি নদীর বেশিরভাগ পানি পাকিস্তান ব্যবহার করছে আর পূর্বদিকের ৩টি নদীর পানি বেশিরভাগ পানি ব্যবহার করে ভারত।
এদিকে, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আবদুল বাসিত বলেছেন, বর্তমান সঙ্কট থেকে বেরিয়ে এসে দু'দেশের সম্পর্ক আবারো স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তারা। পাকিস্তানি কূটনীতিকরাও মনে করছেন, অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় হয়তো যুদ্ধে জড়াতে চাইবে না ভারত।
পাকিস্তানের ডন পত্রিকার রিপোর্টের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া এখবর জানিয়েছে।
আর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কেং শুয়াং জানিয়েছেন, কাশ্মির প্রসঙ্গে চীন কোনও পক্ষ নিচ্ছে না। এ ছাড়া পাশে থাকার কোনও আশ্বাসও পাকিস্তানকে তারা দেননি। (সূত্র: বিবিসি)