জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তানে জঙ্গি আস্তানায় ‘সার্জিক্যাল স্ট্রাইক’ বা সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ভারত।
ভারতে ঢুকে হামলার প্রস্তুতি নেয়া সন্দেহভাজন জঙ্গিদের ওপর এ অভিযান চালায় তারা। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছে বলে ভারতের টাইমস নাউ পত্রিকার খবরে বলা হয়েছে।
এদিকে, ভারতের আক্রমণ রুখতে গিয়ে তাদের ২ জন সেনা সদস্য নিহতের কথা স্বীকার করলেও নিজেদের ভূখণ্ডে ভারতীয় হানার কথা অস্বীকার করেছে পাকিস্তান।
নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে পাকিস্তানের ডন পত্রিকার খবরে বলা হয়, জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় এ ঘটনায় কমপক্ষে আট ভারতীয় সেনা নিহত হয়েছে। এছাড়াও এক ভারতীয় সেনাকে আটকও করা হয়েছে।
অবশ্য ভারতীয় সেনা নিহতের দাবি নাকচ করলেও তাদের এক সেনা সদস্য আটক হওয়ার কথা স্বীকার করে ভারতীয় নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৩৭ রাষ্ট্রীয় রাইফেলসের এক সদস্য পাকিস্তানি বাহিনীর হাতে অস্ত্রসহ আটক রয়েছেন।
অবশ্য নিহত সেনার বিষয়ে দুই পক্ষ যে দাবি করছে তা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা যায়নি।