মার্কিন সেনা হত্যাচেষ্টা ও আইএসকে সহযোগিতার অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে দেশটির পুলিশ।
সোমবার যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
অভিযুক্ত ওই যুবকের নাম নিলাশ মোহাম্মদ দাস— তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হায়াটসবিলের বাসিন্দা।
এ ঘটনায় গত শনিবার করা মামলায় বলা হয়েছে, নিলাশ মার্কিন এক সেনা সদস্যকে হত্যার পরিকল্পনা করছিলেন।
মেরিল্যান্ডের ডিসট্রিক্ট অ্যাটর্নি রব রসেনস্টেইন এক বিবৃতিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শুক্রবার অস্ত্র কেনার সময় ভার্জিনিয়ার কাছ থেকে নিলাশকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাকে আদালতে তোলা হয়। অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড হতে পারে নিলাশের।
উল্লেখ, ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান নিলাশ। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আইএসকে সমর্থন জানিয়ে এফবিআইয়ের নজরদারিতে আসেন তিনি। ওই সময় নিলাশ ফ্রান্সের প্যারিসে ও ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে আইএসের হামলার প্রশংসা করেন।