জাতিসংঘের পরবর্তী মহাসচিব হতে যাচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস—আজই বৃহস্পতিবার এ নিয়ে নিরাপত্তা পরিষদে আনুষ্ঠানিক ভোটাভুটি হবে।
সূত্র খবর বিবিসি।
নিয়োগ পেলে আগামী বছর বান কি-মুনের স্থলাভিষিক্ত হবেন গুতেরেস।
পেশায় প্রকৌশলী গুতেরেস ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত পর্তুগালের প্রধানমন্ত্রী ছিলেন। এরপর ২০০৫ সাল থেকে ১০ বছর জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
বুধবার জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চারকিন বলেন, ৬৭ বছর বয়েসী গুতেরেস ছিলেন 'স্পষ্টভাবেই পছন্দের'।
তবে কারও কারও মধ্যে হতাশা দেখা গেছে— কারণ জাতিসংঘের পরবর্তী মহাসচিব একজন নারী অথবা পূর্ব ইউরোপের কেউ হবেন এমন একটা প্রচারণা চালানো হয়েছিল।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সামান্থা পাওয়ার বলেন, প্রক্রিয়াটা একেবারেই বিতর্কিত নয়।
এবারের ১৩ জন প্রার্থীর মধ্যে সাত জন ছিলেন নারী— জাতিসংঘে এ পর্যন্ত কোনো নারী মহাসচিব হননি।