প্রেসিডেন্ট শি চিনপিংয়ের ঢাকা সফর চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে বলে মনে করছেন চীনা বিশেষজ্ঞরাও। ভৌগলিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বাংলাদেশ, চীন প্রস্তাবিত সিল্ক রোড প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।
চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের ঢাকা সফর চীন-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ- এমনটাই মনে করছেন চীনের বিশেষজ্ঞরা।
চীনা গণমাধ্যম 'পিপলস ডেইলিকে' দেয়া সাক্ষাৎকারে চাইনিজ অ্যাকাডেমি অব সোস্যাল সাইন্সের পরিচালক ইয়ে হাইলিন বলেন, চীন প্রস্তাবিত সিল্ক রোড বা 'বেল্ট অ্যান্ড রোড' প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে চীনের প্রধান অংশীদার হতে পারে বাংলাদেশ।
এছাড়া দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখা, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করার ক্ষেত্রেও শি চিন পিংয়ের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত সাবেক চীনা রাষ্ট্রদূত চাই শি 'পিপলস ডেইলিকে' বলেন, প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সঙ্কটাপন্ন মুহূর্তে বাংলাদেশের পাশে থেকেছে চীন। একইভাবে আন্তর্জাতিক এমনকি অভ্যন্তরীণ অনেক সঙ্কটে চীনকে সহায়তা দিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর নির্মাণকাজে শি'র এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন চীনের সাবেক এই রাষ্ট্রদূত।
বাংলাদেশে নিযুক্ত দেশটির আরেক সাবেক রাষ্ট্রদূত চ্যাং সিয়ান ই চীনা গণমাধ্যম সিআরআইকে দেয়া সাক্ষাৎকারে বলেন, এবারের সফর দু'দেশের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিক রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
এছাড়া দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করার সুযোগ সৃষ্টির ক্ষেত্রে চীনের প্রেসিডেন্টের এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তিনি।