মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আরও দুই নারী যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
শনিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা দুই নারী হলেন সামার জারভোস ও ক্রিস্টিন অ্যান্ডারসন।
সামার জারভোসের অভিযোগ, ২০০৭ সালে চাকরির কথা বলে লস অ্যাঞ্জেলসের একটি হোটেলে তাকে ডেকে নেন ট্রাম্প। এরপর যৌন নিপীড়ন করেন। একপর্যায়ে কম বেতনের একটি চাকরির প্রস্তাব দেন তিনি।
ক্রিস্টিন অ্যান্ডারসনের অভিযোগ, নব্বইয়ের দশকে নিউইয়র্কের একটি ক্লাবে তাকে যৌন নিপীড়ন করেন ট্রাম্প।
ট্রাম্প তার বিরুদ্ধে আনা যৌন নিপীড়নের এ গুরুতর অভিযোগগুলো অস্বীকার করেছেন। অভিযোগগুলোকে ‘মিথ্যা’ ও ‘সুনাম নষ্ট করার অপচেষ্টা’ বলে অভিহিত করেছেন তিনি।
ট্রাম্পের বিরুদ্ধে সম্প্রতি বেশ কয়েকজন নারী যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি তোপের মুখে রয়েছেন। অভিযোগগুলো বানানো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি ট্রাম্পের।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আমেরিকানদের সতর্ক করে দিয়ে বলেছেন, নভেম্বরের নির্বাচনে আসলে গণতন্ত্রের ওপরই ভোটাভুটি হতে যাচ্ছে। একজন প্রেসিডেন্ট হবার জন্য ডোনাল্ড ট্রাম্প সৎ ব্যক্তি নন বলেও তিনি বর্ণনা করেছেন।