রাজা ভূমিবল আদুলিয়াদেজের মৃত্যুতে হাজার হাজার থাই নাগরিক রাজধানী ব্যাংককে রাজপ্রাসাদের বাইরে জড়ো হয়ে শোক পালন করছেন। এ রাজ প্রাসাদেই রাজার মরদেহ রাখা হয়েছে।
রাতভর তারা সেখানে শোকপালন করে রাজার জন্য প্রার্থনা করেন। রাজার মৃত্যুতে এক বছর ধরে শোক পালন করবে দেশটির জনগণ। সেইসঙ্গে আগামী ৩০ দিন অর্ধনমিত রাখা হবে জাতীয় পতাকা।
এ সময়ে জনগণকে কালো পোশাক পরতে এবং আনন্দ উল্লাস পরিহারের আহবান জানিয়েছে দেশটির সরকার।
এদিকে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান ওচা জানান, দেশটির নতুন রাজা হবেন রাজা ভূমিবলের ছেলে ক্রাউন প্রিন্স মাহা ভাজিরালঙকর্ন। তবে সিংহাসনে অধিষ্টিত হতে সময় চেয়েছেন তিনি। রাজার মৃত্যুতে জনগণের সঙ্গে তিনিও শোক পালন করবেন বলে জানান ক্রাউন প্রিন্স।
ফলে সংবিধানের ২৪ ধারা অনুযায়ী রাজ প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে দেশটির প্রিভি কাউন্সিলের প্রেসিডেন্ট ও সাবেক প্রধানমন্ত্রী প্রেম তিনসুলানওনডা।