সিরিয়ার ইসলামিক জঙ্গিগোষ্ঠী আইএস-এর শক্ত ও গুরুত্বপূর্ণ ঘাঁটি দাবিকের দখল নিয়েছে ফ্রি সিরিয়ান আর্মি।
বিদ্রোহী দলের কমান্ডার ও একটি পর্যবেক্ষণ সংস্থা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।
এদিকে, ইরাকের মসুল শহর থেকে আইএসকে হটাতে অভিযান শুরু করেছে ইরাকি সেনারা।
কৌশলগত দিক থেকে সিরিয়ার উত্তারঞ্চলের ছোট্ট শহর দাবিক ছিল আইএসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ শহর থেকেই তারা পশ্চিমের বিরুদ্ধে যুদ্ধ করবে বলে ঘোষণা দিয়েছিল। আইএস তাদের অনলাইন ম্যাগাজিনের নামও রাখে দাবিক শহরের নামানুসারে।
তুরস্কের ট্যাঙ্ক ও কামান এবং আন্তর্জাতিক জোটের বিমান হামলার সহায়তায় সিরিয়ান বিদ্রোহীরা দাবিক দখল করে। এদিকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর আইএস মুক্ত করার অভিযান শুরু হয়েছে বলে ঘোষণা দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবদি।
এই অভিযানে কুর্দি যোদ্ধা, ইরাকি বাহিনী ও তাদের মিত্ররা অংশ নিচ্ছে। অভিযানে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট। ২০১৪ সাল থেকে মসুল রয়েছে আইএস এর দখলে।