মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের কয়েকদিন আগে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের নতুন কিছু ই-মেইলের বিষয়ে তদন্ত শুরুর পদক্ষেপ নিয়ে এফবিআই প্রধান আইন লংঘন করেছেন, এমন অভিযোগ তুলেছেন সিনেটের ডেমোক্রেট নেতা হ্যারি রিড।
এক চিঠিতে রিড এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি একটি রাজনৈতিক দলকে সাহায্যের জন্য এমনটি করেছেন।
তিনি আরো বলেন, এ পদক্ষেপ নিয়ে কোমি ‘হ্যাচ অ্যাক্ট’ লঙ্ঘন করেছেন। যে আইনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে কর্মকর্তারা এমন কোনো পদক্ষেপ নিতে পারবেন না, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
পররাষ্ট্রমন্ত্রী থাকার সময় হিলারির আরো কিছু ই-মেইলের সন্ধান মেলায় শুক্রবার কংগ্রেস সদস্যদের পাঠানো এক চিঠিতে এফবিআই পরিচালক নতুন করে তদন্ত শুরুর ঘোষণা দেন। এরপরই জেমস কোমি ডেমোক্রেটদের তোপের মুখে পড়েন।
এদিকে, এফবিআই হিলারির নতুন পাওয়া ই-মেইলের ব্যাপারে তদন্ত শুরুর জন্য পরোয়ানা হাতে পেয়েছে।