নিজ দেশের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোটদান শুরু করেছেন মার্কিন জনগণ। স্থানীয় সময় মঙ্গলবার মধ্য রাত থেকেই ফলাফল আসতে শুরু হবে।
দীর্ঘ ১৯ মাস ধরে দীর্ঘ প্রচারণার পর এল নির্বাচনের মুহুর্ত। দেশটির জনগন আজ তাদের ৪৫তম প্রেসিডেন্টকে খুঁজে নিতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের পূর্বউপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় সময় ভোর ৬টায় শুরু হয় ভোটগ্রহণ।
তবে নিউ হ্যমশায়ারের ছোট্ট তিনটি শহরে মধ্যরাত থেকেই শুরু হয় ভোট গ্রহণ। এই তিনটি শহর হল ডিক্সভিলি নচ, হার্টস লোকেশন ও মিলসফিল্ড।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এ ৩ কেন্দ্রের ভোটে ট্রাম্প স্বল্প ব্যবধানে এগিয়ে আছেন, যদিও যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী শেষ পর্যন্ত প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ইলেক্টোরাল ভোটে।
রয়টার্স ইপসোস পরিচালিত জরিপ বলছে নির্বাচনে জয় লাভের ৯০ ভাগ সম্ভাবনা রয়েছে হিলারির। তাদের জরিপ অনুযায়ী হিলারি পাবেন ৩০৩টি ইলেক্টোরাল ভোট, আর ট্রাম্প পাবেন ২৩৫টি।
আর একজন প্রার্থীর জয়ের জন্য প্রয়োজন ২৭০ ইলেক্টোরাল ভোট। আর, বিবিসির এক জরিপে ট্রাম্পের তুলনায় চার শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন হিলারি।
দেশটির সাড়ে ৪ কোটির বেশি ভোটার এরইমধ্যে আগাম ভোট দিয়ে ফেলেছেন। এবার হিস্পানিক ভোটারদের ভোট বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছে।
আর এদের বেশিরভাগই হিলারিকেই সমর্থন দেবেন বলেই বিশ্লেষকরা মনে করছেন।
যুক্তরাষ্ট্রের জনগণ আজ প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ও প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্যকে নির্বাচিত করতে ভোট দেবেন। পাশাপাশি, ১২টি অঙ্গরাজ্যের গভর্নরকেও নির্বাচিত করবেন।
পরে ১৯ ডিসেম্বর বিভিন্ন রাজ্যের ইলেক্টররা সংশ্লিষ্ট রাজ্যে মিলিত হয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি।