মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন আমেরিকানরা। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হয়ে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় ভোটগ্রহণ শেষ হয়। গণনা শেষে জয় লাভ করেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে পড়েন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
এএফপির তথ্যমতে, ট্রাম্প ২৯০টি ও হিলারি ২১৮টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।
দীর্ঘ ১৯ মাস ধরে তিক্ত প্রচারণার পর যুক্তরাষ্ট্রের জনগণ তাদের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। যুক্তরাষ্ট্রের পূর্বউপকূলীয় অঙ্গরাজ্যগুলোতে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৬টায় শুরু হয়ে স্থানীয় সন্ধ্যা ৭টায় শেষ হয় ভোটগ্রহণ। তবে সময়ের ব্যবধান থাকায় পশ্চিম উপকূলে ভোটগ্রহণ মধ্যরাত পর্যন্ত গড়িয়ে যায়।
হিলারি ক্লিনটন নিউইয়র্কের চাপ্পাকোয়ায় তার নিজের ভোটটি দেন সঙ্গে ছিলেন স্বামী, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। হিলারি ভোট দেয়ার কয়েক ঘণ্টা পর নিউইয়র্কের ম্যানহাটনের একটি কেন্দ্রে ভোট দেন ট্রাম্প।
দেশটির সাড়ে চার কোটির বেশি ভোটার আগাম ভোট দেন। এরমধ্যে ফ্লোরিডায় সবচেয়ে বেশি ৬৫ লাখ আগাম ভোট পড়েছে। যেখানে বিজয়ী হন ডোনাল্ড ট্রাম্প। এবার হিস্পানিক ভোটারদের ভোট বেশি পড়বে বলে ধারণা করা হচ্ছিল। আর এদের অধিকাংশই হিলারিকেই সমর্থন দেবেন বলেই মনে করছিলেন বিশ্লেষকরা।
প্রেসিডেন্ট ছাড়াও ভাইস প্রেসিডেন্ট ও প্রতিনিধি পরিষদের ৪৩৫ জন সদস্য এবং সিনেটের এক-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত করতে ভোট দেন মার্কিনিরা। পাশাপাশি ১২টি অঙ্গরাজ্যের গভর্নরও নির্বাচিত হবেন।
পরে ১৯ ডিসেম্বর বিভিন্ন রাজ্যের ইলেক্টররা সংশ্লিষ্ট রাজ্যে মিলিত হয়ে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোট দেবেন। প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট শপথ নেবেন আগামী ২০ জানুয়ারি।
কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটেও নিজেদের আধিপত্য ধরে রাখতে প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটদের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়ছেন দলটির প্রার্থীরা।
হোয়াইট হাউসের জন্য যখন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের লড়াই চলছিল, তখন ব্যাপকভিত্তিক একটি মতামত জরিপ বলছে কংগ্রেসের দুটি কক্ষেই আধিপত্য ধরে রাখতে যাচ্ছে রিপাবলিকানরা।