গোটা যুক্তরাষ্ট্র জুড়েই চলছে ট্রাম্পবিরোধী বিক্ষোভ। অনেকে চাইছেন তার অভিশংসন আবার অনেকেই দাবি তুলেছেন ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের পদে বসানোর।
বিক্ষোভকারীদের ধারণা, যুক্তরাষ্ট্রকে ধ্বংসের মুখে ঠেলে দেবেন ট্রাম্প। কোথাও কোথাও বিক্ষোভ রূপ নিচ্ছে আন্দোলনে।
এদিকে, নির্বাচনে নিজের পরাজয়ের জন্য এফবিআই পরিচালককে দায়ী করেছেন ডেমোক্রাট প্রার্থী হিলারি ক্লিনটন।
প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন ট্রাম্পের এমন বক্তব্যে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের অনেকেই আতঙ্কিত।
অনেকে আবার বিষয়টিকে দেখছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জেতার রাজনৈতিক কৌশল হিসেবে। তবে, তাদের সবার প্রত্যাশা কারো জন্যই ক্ষতিকর কিছু করবেন না নবনির্বাচিত প্রেসিডেন্ট।
নির্বাচনের আগে প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন নীতি নিয়ে বলেন, অবৈধ অভিবাসীদের বিতাড়িত করবেন; সীমানা প্রাচীর তুলে ঠেকাবেন অনুপ্রবেশ।
মূলত মেক্সিকানদের উদ্দেশ্যে কথাগুলো বললেও এ বিষয়ে আইন করলে তার আওতায় পড়তে হবে বহু বাংলাদেশিকেও যাদের যুক্তরাষ্ট্রে থাকার বৈধ কাগজ-পত্র নেই।
নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে কথা হয় বেশ কয়েকজন বাঙালির সঙ্গে। তাদের অনেকেরই আশঙ্কা ট্রাম্প যদি তার নির্বাচনী বক্তব্য বাস্তবায়ন করেন তাহলে কাগজপত্র বিহীন যারা আছেন তাদেরকে পড়তে হবে সমস্যায়।
আবার অনেকেই এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেন।
ট্রাম্পের কাছ থেকে নেতিবাচক নয়, ইতিবাচক কোনো পদক্ষেপই আশা করছেন সবাই।