মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের সঙ্গে নতুন করে জড়িয়ে পড়া সংঘর্ষে সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা রামদা জাতীয় অস্ত্র এবং লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল।
এর আগে হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা মুসলমানদের গ্রামে গুলিবর্ষণ করার ঘটনা স্বীকার করে দেশটির সরকার। এ ঘটনার পর সেখানকার মানুষজন নিজেদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন।
মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শনিবার সৈন্যদের ওপর একদল লোক আগ্নেয়াস্ত্র, ছুরি এবং বল্লম নিয়ে হামলা চালানোয় দুইজন সৈন্য এবং ছয়জন হামলাকারী নিহত হ্ওয়ার পর ওই এলাকায় হেলিকপ্টার মোতায়েন করা হয়।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, একপর্যায়ে প্রায় ৫০০ মানুষ সেনাসদস্যদের বিরুদ্ধে অবস্থান নিলে সৈন্যদের সাহায্যার্থে দুটি হেলিকপ্টার গানশিপ থেকে রোহিঙ্গা গ্রামে গুলি চালানো হয়।
মিয়ানমার সরকার এসব সংঘর্ষকে হামলাকারীদের খোঁজে 'ক্লিয়ারেন্স অপারেশন' হিসেবে অভিহিত করছে।
মিয়ানমারে রোহিঙ্গাদের অনেকেই পছন্দ করে না এবং বার্মিজদের অনেকেই তাদেরকে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী হিসেবে দেখে।
খবর বিবিসি।