যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে একজন বন্ধু হয়ে উঠবেন— তবে সতর্কভাবে তাকে পর্যবেক্ষণও করছে সিরিয়া বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
পর্তুগালের আরটিপি টেলিভিশনকে আসাদ বলেন, ট্রাম্প যদি সন্ত্রাসের বিরুদ্ধে তার অঙ্গীকার পূরণ করেন তাহলে তিনি হবেন একজন 'স্বাভাবিক মিত্র'।
সূত্র বিবিসির।
বাশার বলেন, 'তিনি কী করতে যাচ্ছেন তা আমরা এখনও জানি না কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে তিনি যদি লড়াই শুরু করেন সেক্ষেত্রে রাশিয়ান ও ইরানিদের সঙ্গে যে ধরনের বন্ধুত্ব তেমনটাই হতে পারে।'
বর্তমান মার্কিন নীতি অনুসারে যুক্তরাষ্ট্রের অবস্থান ইসলামিক স্ট্রেট (আইএস) ও অন্যান্য জিহাদিদের বিরুদ্ধে সেইসঙ্গে আসাদের বিরোধী পক্ষকে সমর্থন করে আসছে যুক্তরাষ্ট্র।
এমন প্রেক্ষাপটে ট্রাম্প তার প্রতিশ্রুতি কতটা পূরণ করতে পারবেন সে বিষয়েও সংশয় প্রকাশ করেন সিরীয় প্রেসিডেন্ট।
তিনি বলেন, 'ট্রাম্প তথাকথিত আইএস বাহিনীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন কিন্তু তিনি কি তা সত্যিই করতে পারবেন?'
সুতরাং বিষয়টি সতর্কভাবে পর্যবেক্ষণ করা হবে বলেও উল্লেখ করেন সিরিয়ার এ নেতা।
ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, ‘সিরীয় বাহিনী ও তথাকথিত আইএস জঙ্গি-দুই পক্ষের বিরোধিতা করা ছিল 'উন্মাদনা' এবং সিরিয়ার বিরুদ্ধে যুদ্ধ রাশিয়া পর্যন্ত গড়াতে পারে।’
এদিকে, সিরিয়ায় সংঘাত আরও জোরালো রূপ নিচ্ছে। সরকারি বিমান থেকে বিদ্রোহীদের দখলে থাকা আলেপ্পোর পূর্বাঞ্চলীয় এলাকায় মঙ্গলবারও বোমাবর্ষণ করা হয়েছে। তিন সপ্তাহের মধ্যে এটাই প্রথম হামলা বলে মানবাধিকার কর্মীরা জানাচ্ছেন।
২০১১ সালের মার্চ মাস থেকে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত তিন লাখের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।