প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারে ট্রাম্প প্রশাসন কোনো পদক্ষেপ নিলে তাতে বাধা দেবে বিদায়ী ওবামা প্রশাসন, জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মরক্কোর মারাকেশে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টোয়েন্টি টু'তে দেয়া বক্তৃতায় এ ইঙ্গিত দেন তিনি।
মরক্কোর মারাকেশে চলছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-টুয়েন্টি টু। চলতি শতাব্দীর মধ্যে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়া এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়ার বিষয়ে গত বছরের প্যারিস চুক্তির একটি রূপরেখা তৈরী করাই এবারের সম্মেলনের লক্ষ্য।
সম্মেলনে অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী জন কেরিসহ প্রায় ২০০ দেশের প্রতিনিধি। তবে জলবায়ু চুক্তিকে ধাপ্পাবাজি উল্লেখ করে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিতে সে দেশের নব নির্বাচিত প্রেসিডেন্টের একটি ঘোষণা সম্মেলনে সমালোচনার জন্ম দিয়েছে।
এ প্রসঙ্গে বুধবার সম্মেলনে দেয়া ভাষণে জন কেরি জানিয়েছেন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারে ট্রাম্প প্রশাসন কোনো পদক্ষেপ নিলে তাতে ওবামা প্রশাসন বাধা দেবে।
এ চুক্তি কোনো ব্যক্তি বা কোনো প্রেসিডেন্টের ঊর্ধ্বে উল্লেখ করে জন কেরি বলেন, ‘জলবায়ু চুক্তি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ঠিক কি নীতি গ্রহণ করবেন, সেটা নিয়ে এখনি কিছু অনুমান করা যাচ্ছে না। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প যেমনটা ভেবেছেন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার তেমনটি মনে নাও হতে পারে। জলবায়ু পরিবর্তনের বিষয়টি কোনো দলীয় বিষয় নয়।’
নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার প্রশাসন প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেবে।