ভারতের জম্মু ও কাশ্মীর সীমান্তবর্তী রাজৌরি এলাকায় রোববার রাতে পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সেনা নিহত ও আহত হয়েছেন আরো তিন জন।
এ নিয়ে গত ২৪ ঘণ্টায় তৃতীয়বারের মতো যুদ্ধবিরতি ভঙ্গ করল পাকিস্তান।
নর্দার্ন কমান্ড অব ইন্ডিয়ান আর্মি সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় জানায়, ভারত এ গুলির জবাব দেবে।
এনডিটিভির খবরে জানানো হয়, ভারতীয় এক সেনা কর্মকর্তা বলেন, রাজৌরি সীমান্তে পাকিস্তানি সেনারা গুলি ছোড়ে। এতে চার জন সেনা আহত হয়েছেন। তিনি আরো বলেন, পাকিস্তানের সেনাবাহিনীকে পাল্টা জবাব দিচ্ছে ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় গোলাগুলি চলছে।
এক দিন আগে গত শনিবার নিয়ন্ত্রণরেখা বরাবর রাজৌরির নওশেরা ও সুন্দরবানি এলাকায় পাকিস্তানের সেনাবাহিনী মর্টার হামলায় বিএসএফের এক সেনা ও এক নারী আহত হন।
ভারতের তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলার ঘটনা ঘটেছে ২৮৬ বার। পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ জন নিরাপত্তাকর্মী।