ভারতের কানপুরে রোববারের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪৩ জনে।
দুর্ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাই ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা বাড়তে পারে। লাইনচ্যুত হওয়া ১৪টি বগির মধ্যে এ পর্যন্ত ১০টি বগি ট্র্যাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্ঘটনায় হতাহতদের উদ্ধারে সোমবার বিকেল পর্যন্ত উদ্ধার অভিযান চালায় সেনাবাহিনী, পুলিশ ও দুর্যোগ ব্যাবস্থাপনা বাহিনীর সদস্যরা। রেল লাইনের ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে ট্রেনটিতে মোয়াদোত্তীর্ণ বগি ছিল। এ বগিগুলো আগেও দুর্ঘটনার কবলে পড়ে।
রেল কর্মকর্তারা ট্রেনটিতে ১২০০ জন যাত্রী থাকার কথা বললেও এতে কমপক্ষে ৫০০ জন বিনা টিকেটের যাত্রী ছিল বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে।