মিয়ানমার সরকার দেশ থেকে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়কে জাতিগতভাবে বিতাড়িত করতে চায় বলে মনে করে জাতিসংঘ।
বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে জাতিসংঘের শরণার্থী সংস্থার জ্যেষ্ঠ কর্মকর্তা জন ম্যাককিসিকের বরাত দিয়ে একথা জানিয়েছে।
জন ম্যাককিসিক বিবিসিকে বলেন, মিয়ানমারের সশস্ত্র বাহিনী রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের হত্যা করছে এবং তাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করছে।
অন্যদিকে মিয়ানমারের কর্মকর্তারা বলছেন, দেশটির উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে রোহিঙ্গারা নিজেরাই নিজেদের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে।
তবে সাংবাদিক ও সহায়তা কর্মীদের ওই এলাকায় প্রবেশাধিকার না থাকায় বিবিসির পক্ষ থেকে এলাকাটি পরিদর্শন করে মিয়ানমারের কর্মকর্তাদের দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন প্রদেশে রোহিঙ্গা সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষের বাস। তবে দেশটির সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বীরা রোহিঙ্গা মুসলিমদের নিজেদের দেশের নাগরিক মনে করে না। বরং তারা মনে করে, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসী।