ইসরায়েলের উত্তরাঞ্চলীয় হাইফা শহরে দাবানলের আগুন ছড়িয়ে পড়ার পর সেখানকার হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
শহর ছেড়ে সবাইকে নিরাপদে সরে যেতে বলা হয়েছে। আগুনের ধোয়ায় অসুস্থ হয়ে পড়ায় কমপক্ষে ১৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
বৃহস্পতিবারে শুরু হওয়া এ দাবানল জোরালো বাতাসে দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। এ ঘটনায় প্রায় ৮০ হাজার লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।
গণমাধ্যমের খবরে বলা হয়, শুষ্ক আবহাওয়া ও জোরালো বাতাসের কারণে দাবানল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
তবে দেশটির পুলিশ প্রধান আগুনের ঘটনাকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করে বলেছেন, এ অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
আর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, কেউ আগুন লাগিয়েছে প্রমাণিত হলে তা হবে সন্ত্রাসী তৎপরতা।
ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির মুখোমুখি করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।