যুক্তরাষ্ট্রের উইসকনসিনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ফের গণনা করা হবে— এ রাজ্যে সামান্য ব্যবধানে জয়ী হয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ওই রাজ্যে ভোট পুনর্গণনার অনুরোধ করেন গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ড. জিল স্টেইন।
তার আবেদনে সাড়া দিয়েই রাজ্যের নির্বাচন কমিশন জানিয়েছে, তারা আগামী সপ্তাহে ভোট পুনর্গননা শুরু করবে।
শনিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানানো হয়েছে।
ড. স্টেইন এও অঙ্গীকার করেছেন তিনি মিশিগান ও পেনসিলভানিয়ার ভোটও পুনর্গননা চাইবেন। ওই দুটি রাজ্যেও সামান্য ব্যবধানে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ছিল ভোট পুনর্গণার জন্য আবেদনের শেষ দিন। সেই অনুযায়ী গ্রিন পার্টির পক্ষ থেকে আবেদন করা হয়, উইসকনসিনের নির্বাচন কমিশন সেই আবেদনে সাড়া দিয়ে ভোট পুনর্গণার সিদ্ধান্ত নেয়।
উইসকনসিনসহ তিনটি অঙ্গরাজ্যে ভোট পুনগর্ণনার জন্য ইতোমধ্যে অনলাইনে অর্থ সংগ্রহের জন্য পেজ খুলে কার্যক্রম চালাচ্ছে দলটি। যেখানে প্রায় ৫০ মিলিয়ন ডলার ইতোমধ্যে জমা পড়েছে। যা দিয়ে উইসকনসিন ও পেনসিলভানিয়ার অঙ্গরাজ্যের ভোট পুনর্গণার ব্যয় মেটানো যাবে বলে মনে করা হচ্ছে। মিশিগানের ভোট পুনর্গণনার জন্য তহবিল সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে।
যদিও মার্কিন কর্মকর্তারা বলে আসছেন ৮ই নভেম্বরের নির্বাচনে এই তিন স্টেটে কোন ধরনের প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া যায়নি।
মিস্টার ট্রাম্পের ক্যাম্প থেকে অবশ্য ভোট পুন-গণনার বিষয়ে এখনো কোনও মন্তব্য আসেনি। উল্লেখ্য মিশিগানের ভোটের চূড়ান্ত ফলাফল এখনো ঘোষণা হয়নি।