কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।
শোক জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ অনেকেই।
বিপ্লবের অবিসংবাদিত এ নেতার মৃত্যুতে বিশ্বব্যাপী মুক্তিকামী মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে শোক।
বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচার পেয়েছে ফিদেল ক্যাস্ত্রোর প্রয়াণের খবর।
এদিকে, যুক্তরাষ্ট্রের মায়ামি দ্বীপে কাস্ত্রোর মৃত্যু উদযাপন করতে দেখা যায় অনেককে।
কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকের ছায়া নেমে আসে বিশ্বের সর্বস্তরের মানুষের মধ্যে।
শোক জানিয়েছেন বিশ্ব নেতারাও। এক শোক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ফিদেল ক্যাস্ত্রো চলে গেলেও কিউবার সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে।
ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক জানিয়েছেন। এক টুইট বার্তায় মোদি বলেছেন, বিংশ শতাব্দীতে ফিদেল কাস্ত্রো ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব। ভারত তাদের একজন মহান বন্ধুকে হারালো।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো টুইটারে বলেছেন, কাস্ত্রো মেক্সিকোর বন্ধু ছিলেন। সেইসঙ্গে তিনি ছিলেন সম্মান, সংলাপ ও সংহতির দ্বিপাক্ষিক সম্পর্কের প্রবর্তক।
শোক জানিয়েছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়াসহ আরো বিশ্ব নেতারা।
এদিকে, ভিন্ন চিত্র দেখা গেছে যুক্তরাষ্ট্রের মায়ামি অঙ্গরাজ্যের লিটল হাভানায়। পতাকা হাতে "কিউবা স্বাধীন" বলে স্লোগান দিতে দেখা যায় সেখানে বসবাসকারী কিউবানদের।