দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিকসহ পাঁচজন মারা গেছেন।
দুবাইভিত্তিক খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভোরে দুবাইয়ের আল রাবাত সড়কে একটি ট্রাকের সঙ্গে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে মারা যান তারা।
এ ঘটনায় আরো সাত জন আহত হন যাদের তিন জনের অবস্থা গুরুতর। নিহত অপর দুই শ্রমিক ভারতীয় বলে জানা গেছে।
নিহত বাংলাদেশি শ্রমিকরা ক্লিনকো ক্লিনিং সার্ভিসেস অ্যান্ড বিল্ডিং মেইনটেন্যান্স নামের একটি কোম্পানিতে কাজ করতেন। তাদের একজন শরীয়তপুরের মুদাসিসিস (৪৯)।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, দুবাইয়ের ফেস্টিভ্যাল সিটির একটি ভবনে কাজ করতে কোম্পানির ১৯ জন শ্রমিক নিয়ে সেদিকে যাচ্ছিল কোস্টারটি। গন্তব্যে পৌঁছানোর মাত্র কয়েক কিলোমিটার দূরে একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়, আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরেকজন মারা যান।
নিহত মুদাসিসির ছেলে ফেরদৌসও (২৩) দুবাই প্রবাসী।