পাকিস্তানের করাচিতের রিজেন্ট প্লাজা হোটেলে সোমবার আগুন লেগে কমপক্ষে ১১ জন মারা গেছেন।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভোররাতে আবাসিক ওই হোটেলে আগুন লাগার পর তা ছড়িয়ে পড়ে—এ ঘটনায় আরও ৩০ জন দগ্ধ হয়েছেন।
দেশটির ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, শাহরাহ্ ই ফয়সাল এলাকায় হোটেলটির গ্রাউন্ড ফ্লোরে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো ছয়তলা ভবনে ছড়িয়ে পড়লে বহু অতিথি তাদের কক্ষে আটকা পড়েন।
তিন ঘণ্টার চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ১১ জনের মৃত্যু হয়।
জিন্নাহ পোস্টগ্যাজুয়েট মেডিকেল সেন্টারের জরুরি বিভাগের প্রধান ড. সিমিন জামালি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কমপক্ষে ৬৫ জনকে তাদের হাসপাতালে নেয়া হয়েছে।
অনেকেই হোটেলের জানালা দিয়ে লাফিয়ে পড়ে আহত হয়েছেন, আবার অনেকে ছিটকে আসা কাচের আঘাতে আহত হয়েছেন। অতিথিদের একটি অংশ ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
ডা. জামালি জানান, হাসপাতালে ১০টি মৃতদেহ আনা হয়েছে, তাদের মধ্যে ছয়জন পুরুষ ও চারজন নারী। মৃত পুরুষদের মধ্যে দুই চিকিৎসকও রয়েছেন।
তিনি বলেন, আগুনের কারণে অসুস্থ হয়ে পড়া দুই বিদেশি জীবিত আছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।
গণমাধ্যমে ডন জানায়, অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। সকালের দিকেও কিছু লোক ওই হোটেলে আটকা পড়েছে তাদের উদ্ধারে কাজ চলছে।