ব্রাজিলিয়ান ক্লাব-শাপেকোয়েন্সের খেলোয়াড়দের নিয়ে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ‘লা-মিয়া’ এয়ারলাইন্সের প্রধানকে গ্রেপ্তার করেছে বলিভিয়ার কর্তৃপক্ষ।
অবসরপ্রাপ্ত এয়ারফোর্স জেনারেল গুস্তাভো ভারগাসকে বিমান দুর্ঘটনার তদন্তের জের ধরে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার শাপেকোয়েন্সের পুরো দলকে কলম্বিয়ায় নিয়ে যাওয়ার পথে লা-মিয়া এয়ারলাইন্সের বিমানটির জ্বালানি শেষ হয়ে যায়।
কলম্বিয়ার বিমানবন্দরের কাছে তাদের বিমানটি বিধ্বস্ত হলে শাপেকোয়েন্সের ১৯ জন ফুটবলার ও স্টাফসহ মোট ৭১ জন নিহত হন। অল্পের জন্য বেঁচে যান ক্লাবটির তিন গুরুতর আহত খেলোয়াড়সহ ছয় যাত্রী।
এদিকে, বিমান ওড়ার আগে পাইলটকে জ্বালানি সমস্যার ব্যাপারে সতর্ক করা হয়েছিল বলেই দাবি করেছেন এক বলিভিয়ান অফিশিয়াল। ব্রাজিল থেকে কলম্বিয়ায় যাওয়ার পথে বলিভিয়ার বিমানবন্দরে থেমেছিল লা-মিয়া এয়ারলাইন্সের বিমানটি।