পাকিস্তানে ৪৮ আরোহী নিয়ে বিধ্বস্ত বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে পাইলট নিয়ন্ত্রণ কক্ষে বিপদ সঙ্কেত পাঠিয়েছিলেন বলে জানিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারওয়েজ (পিআইএ)।
এয়ারলাইনটির চেয়ারম্যান আজম সেগাল সাংবাদিকদের জানান, বুধবার স্থানীয় সময় ৪টা ৯মিনিটে পাইলট বিমানের একটি ইঞ্জিন বিকল হওয়ার কথা জানিয়েছিলেন। তবে তিনি জোর দিয়ে বলেন, উড্ডয়নের আগে বিমানটিতে কারিগরি কোনো সমস্যা ছিল না।
বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে নিয়ন্ত্রণ কক্ষে জরুরি অবতনের অনুমতি চাওয়া হয়েছিল বলে জানিয়েছেন বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমান বন্দরের এক কর্মকর্তা।
বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। বুধবার স্থানীয় সময় বিকেলে চিত্রাল থেকে ইসলামাবাদ যাওয়ার পথে অ্যাবোটাবাদে ৪৮ আরোহী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়।
এতে আরোহীদের সবাই নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।