ডোনাল্ড ট্রাম্পকে বিজয়ী করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার ভূমিকা ছিল— মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) এক মূল্যায়ন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
শুক্রবার ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে সিআইএ কর্মকর্তারা জানান, রাশিয়ার সঙ্গে যোগাযোগ রয়েছে এমন কিছু ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছে গোয়েন্দা সংস্থাগুলো। তারা ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটিসহ অন্যদের হ্যাক হওয়া ই-মেইল পৌঁছে দিয়েছিল উইকিলিকসকে।
যুক্তরাষ্ট্রের একজন সিনিয়র কর্মকর্তা পোস্টকে জানায়, রাশিয়ার এবারের লক্ষ্য ছিল হিলারি ক্লিন্টনকে হারিয়ে ট্রাম্পকে জিতিয়ে দেয়া।
গত সপ্তাহে এক রুদ্ধদ্বার বৈঠকে সিআইএ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিনেটরদের কাছে এ বিষয়ে এক প্রতিবেদন পেশ করে।
এদিকে, প্রেসিডেন্ট নির্বাচনের আগে রাশিয়ার কথিত সাইবার হামলা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন বারাক ওবামা।