সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিরা আবারো প্রাচীন শহর পালমাইরার নিয়ন্ত্রণ দখল করে নিয়েছে।
এর আগের দিনই রুশ জঙ্গি বিমানের বোমাবর্ষণ করে তাদের ওই শহর থেকে তাড়িয়ে দিয়েছিল।
হমস প্রদেশের গভর্নর তালাল বারাজি বলেন, সরকারি বাহিনী শহর থেকে বেরিয়ে গেলেও এখন তারা তাবার ইসলামিক স্টেটকে হটিয়ে দেবার জন্য নতুন করে দলবদ্ধ হচ্ছে।
এর আগে শনিবার রাশিয়ার সরকার বলেছিল যে আইএস জঙ্গিদের তারা ওই শহর থেকে হঠিয়ে দেয়।
মস্কোতে রুশ প্রতিরক্ষা দপ্তর জানায়, জঙ্গি বিমান থেকে ৬৪ বার চালানো হামলায় ৩০০ জঙ্গি নিহত হয়েছেন এবং ১১টি ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে।
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ, পালমাইরা শহরটি ২০১৫ সাল থেকে দখল করে রেখেছিল আইএস। গত মার্চে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করা হয়।
সপ্তাহের শুরুতে পালমিরায় প্রবেশের জন্য আবারো আক্রমণ শুরু করে আইএস এবং শনিবার তারা শহরটিতে প্রবেশে সমর্থ হয়।
এর পর ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়ার 'তীব্র' বিমান হামলার কারণে আইএস সেখান থেকে সরে গিয়ে শহরের উপকণ্ঠের কিছু ফলের বাগানে আশ্রয় নেয়। পরে আবার তারা এ শহরের দখল নেয়।