ভোটের ফলাফল যেন তার পক্ষে যায় সেজন্য রাশিয়া কাজ করেছে এ কথা বিশ্বাস করেন না মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।
শনিবার সি আই এর কর্মকর্তারা মার্কিন সংবাদ মাধ্যমকে বলেন, তাদের এমন ধারণা জোরদার হয়েছে যে রুশ কম্পিউটার হ্যাকাররা চেষ্টা করেছে যেন নির্বাচনের ফলাফল ডোনাল্ড ট্রাম্পের পক্ষে যায়।
রাশিয়ার সাথে সম্পর্কিত কিছু লোক ডেমোক্র্যাট শিবিরের বহু হ্যাক করে পাওয়া ইমেইল উইকিলিকস-কে সরবরাহ করেছে।
এর মধ্যে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর ইমেইলও ছিল। এসব ইমেইল ক্লিনটন শিবিরকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দেয় এবং তাদের প্রচারাভিযানে এর বড় প্রভাব পড়ে।
অবশ্য রাশিয়ার কর্মকর্তারা এ অভিোগ অস্বীকার করেছেন।
কিন্তু এ অভিযোগকে হাস্যকর বলেও উড়িয়ে দেন মি. ট্রাম্প।
ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন , তিনি এসব কথা বিশ্বাস করেন না এবং এগুলো হচ্ছে তার বিরুদ্ধে আরকেটি অজুহাত তোলার জন্য ডেমোক্র্যাটদের চেষ্টার অংশ।
তিনি বলেন, ডেমোক্র্যাটরা এত বড় ব্যবধানের পরাজয়ের লজ্জা ঢাকতেই এসব করছে।
এ ছাড়া ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বৃহৎ তেল কোম্পানি এক্সন-মোবিলের শীর্ষ নির্বাহী রেক্স টিলারসনকে বেছে নিয়েছেন - এ খবর বেরুনোর পর তিনি বলেছেন যে তিনি ঠিকই করেছেন।
মি. টিলারসনের সাথে ক্রেমলিনের ঘনিষ্ঠ সম্পর্ক আছে-এই যুক্তিতে বেশ কিছু আমেরিকান রাজনীতিক এই মনোনয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
তা ছাড়া প্রেসিডেন্ট নির্বাচনে যেন মি. ট্রাম্প জেতেন - এ জন্য ক্রেমলিন নানা ভাবে প্রভাব বিস্তারের চেষ্টা করেছে-মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ অভিযোগ তোলার খবরের পর মি. টিলারসনের এই মনোনয়ন নিয়ে সমালোচনা বেশ জোরদার হয়ে উঠছে।
কিন্তু মি ট্রাম্প বলেন, মি. টিলারম্যান এক্সনের মতো একটি অত্যন্ত-ভালোভাবে-পরিচালিত কোম্পানি চালিয়েছেন, এবং তিনি গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিকে খুব ভালোভাবে চেনেন।