রোহিঙ্গাদের ওপর নির্যাতন- ইস্যু নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার দশ দেশের জোট ‘আসিয়ানে’র বৈঠক বসছে মিয়ানমারে। বৈঠকে অংশ নিতে এরইমধ্যে ইয়াঙ্গুনে আসতে শুরু করেছেন আসিয়ানভুক্ত দেশগুলোর নেতারা।
বিবিসি জানিয়েছে, রোহিঙ্গা ইস্যুতে এই মুহুর্তে আসিয়ানের কোন বৈঠকে রাজী ছিলেন না দেশটির নেতা অং সান সু চি। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে তিনি অভিযোগ করেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ই ইস্যুটিকে সংবাদে পরিণত করেছে।
তবে শেষ পর্যন্ত আসিয়ানের অন্যতম দুই সদস্য দেশ মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার চাপে এ বৈঠক হচ্ছে।
এদিকে, মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তারা জানিয়েছে, পরিকল্পিতভাবে এবং ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সেনাবাহিনী নির্যাতন চালাচ্ছে।
আর মিয়ানমার সেনাবাহিনীর এ সহিংস আচরণকে ‘মানবাধিকার লঙ্ঘনের শামিল’ বলে অভিহিত করে সংগঠনটি তাদের সর্বশেষ প্রতিবেদনে সেখানকার সাধারণ নাগরিকদের হত্যা, ধর্ষণ, নির্যাতন, লুটপাট ও আগুন দিয়ে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ার জন্য দেশটির সেনাবাহিনীকেই অভিযুক্ত করেছে।