নতুন বছর উদযাপনের উৎসব চলাকালে তুরস্কের ইস্তাম্বুল শহরের একটি নৈশক্লাবে বন্দুকধারীর গুলিতে ৩৯ জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় গতকাল শনিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে এ হামলা হয়।
প্রাদেশিক গভর্নর বলেন, হামলার সময় নৈশ ক্লাবটিতে কয়েক শ ব্যক্তি অবস্থান করছিল—তারা নতুন বছর উদযাপনের উৎসবে অংশ নিয়েছিল।
এক ব্যক্তি এই হামলা চালিয়েছে—নৈশক্লাবে গুলির এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
সিএনএন তুর্ক বলছে, হামলাকারী সান্তা ক্লজের পোশাকে ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক হামলাকারী প্রথমে এক পুলিশ সদস্য ও এক বেসামরিক ব্যক্তিকে গুলি করে— পরে সে নৈশক্লাবের ভেতরে ঢুকে নির্বিচারে গুলি ছোড়ে। হামলাকারীর হাতে একটি দূরপাল্লার আগ্নেয়াস্ত্র ছিল।
সিএনএন তুর্ক বলছে, হামলার সময় নৈশ ক্লাবটিতে প্রায় ৭০০ মানুষ ছিল বলে ধারণা করা হচ্ছে। হামলার পর অনেকেই ভয় আর আতঙ্কে নদীতে ঝাঁপিয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা আরো জানান, হামলাকারী আরবি ভাষাতে কথা বলছিল।
সন্ত্রাসী হামলার আশঙ্কায় ইস্তাম্বুলে কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছিল— শহরে পুলিশের প্রায় ১৭ হাজার সদস্য দায়িত্ব পালন করছিলেন। এর মধ্যেই ইস্তাম্বুলের জনপ্রিয় নৈশক্লাবটিতে হামলার হলো।
হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হামলায় নিরীহ মানুষের প্রাণহানিতে শোক জানিয়েছেন তিনি।