মিয়ানমারের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর দমনপীড়নসহ দেশটিতে ছড়িয়েপড়া সহিংসতার ব্যাপারে তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াং গি লি এ তদন্তে নেতৃত্ব দেবেন।
আগামী সোমবার থেকে শুরু হওয়া ১২ দিনের মিয়ানমার সফরকালে লি তার তদন্ত কার্যক্রম শুরু করবেন। রাখাইনের পাশাপাশি কাচিন রাজ্যেও সফর করবেন তিনি। সেখানে আদিবাসী বিদ্রোহী ও সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়েছে।
এর আগে রোহিঙ্গাদের ওপর পুলিশি নির্যাতনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর চার পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়। এর একদিন পর সরকার গঠিত তদন্ত কমিশন দাবি করে, রোহিঙ্গাদের ওপর 'গণহত্যা'এবং যৌন নিগ্রহের কোনো প্রমাণ পায়নি তারা।
পরে এর প্রতিক্রিয়ায় মিয়ানমারের তদন্ত কমিশনের প্রতিবেদনকে 'পদ্ধতিগতভাবে ত্রুটিপূর্ণ' বলে উল্লেখ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।