যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করে ডোনাল্ড ট্রাম্পকে জয়ী করার জন্য প্রচারণা ক্যাম্পেইনকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শুক্রবার প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর চূড়ান্ত প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে এসেছে।
২৫ পৃষ্ঠার ওই প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্পকে জেতাতে ক্রেমলিনের স্পষ্ট পক্ষপাতিত্ব ছিল।
রাশিয়ার লক্ষ্য ছিল মার্কিন গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থাহীনতা তৈরি করা, হিলারি ক্লিন্টনকে হেয় প্রতিপন্ন করা এবং নির্বাচনে তার সমর্থণকে প্রভাবিত করে তাকে প্রশ্নবিদ্ধ করা।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়াকে দোষারোপ বন্ধ করতে বলেন।
তিনি আরো বলেন, বহিঃশক্তি নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারেনি।
এদিকে, মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানায়নি ক্রেমলিন।
তবে নির্বাচনী প্রচারণা হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তারা।