আফগানিস্তানের কান্দাহারে প্রাদেশিক সরকারের একটি অতিথিশালায় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন।
বুধবার এ বিস্ফোরণের ঘটনায় আহতদের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূতসহ অপর একজন দূত এবং কান্দাহারের গভর্নর হুমায়ুন আজিজিও রয়েছেন।
প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম কপোলাক এ তথ্য জানিয়ে বলেন তিনি নিজেও আহত হয়েছেন।
ওই মুখপাত্র বলেন, নিহতদের মধ্যে কমপক্ষে চার জন অ্যারাবিয়ান রয়েছেন, যারা দেহরক্ষীর দায়িত্ব পালন করছিলেন।
বিস্ফোরণে আহত গভর্নরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কান্দাহারের পুলিশ প্রধান আবদুল রাজিক বিস্ফোরণের সময় ওই অতিথিশালায় ছিলেন— তবে তিনি অক্ষত রয়েছেন।
রাষ্ট্রীয় এই অতিথিশালায় উচ্চ-পর্যায়ের বৈঠক চলাকালীন বিস্ফোরণটি ঘটে।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এ বিস্ফোরণ-হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এরআগে মঙ্গলবারই দেশটির রাজধানী কাবুলে পার্লামেন্টের কাছে জোড়া আত্মঘাতী হামলায় ৩০ জনের বেশি মানুষ নিহত এবং ৭০ জনের বেশি মানুষ আহত হন।
বিকেলের ব্যস্ত সময়ে ওই হামলা হয়— স্টাফরা এ সময় পার্লামেন্ট প্রাঙ্গণ ত্যাগ করছিল।
হামলার পরপরই এর দায় স্বীকার করে তালেবান গোষ্ঠী। আফগান গোয়েন্দা সংস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে তারা দাবি করে।