প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞায় মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছে কি না, সে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্রের আপিল আদালত।
মঙ্গলবার সানফ্রান্সিসকোর আপিল আদালতে উভয়পক্ষ ঘণ্টাব্যাপী তাদের যুক্তিতর্ক তুলে ধরেন।
ওই সময় ৭টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে ট্রাম্পের নিষেধাজ্ঞা বৈষম্যমূলক কি না-সে প্রশ্ন তোলেন বিচারক রিচার্ড ক্লিফটন। এই আদালত এই সপ্তাহে আরো পরের দিকে এ ব্যাপারে রায় দেবে।
গতকাল মঙ্গলবার জাতীয় নিরাপত্তার স্বার্থে ওই মুসলিম দেশগুলোর নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে আপিল আদালতে আবেদন জানায় বিচার বিভাগ।
এর আগে সিয়াটলের ফেডারেল জজ ট্রাম্পের নিষেধাজ্ঞাকে অসাংবিধানিক উল্লেখ করে তা স্থগিত করে। পরে শনিবার ট্রাম্প প্রশাসন আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে আদালত এ আবেদন খারিজ করে দেয়।