জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অবসরপ্রাপ্ত নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল রবার্ট হাওয়ার্ড।
গত সোমবার মাইকেল ফ্লিনের পদত্যাগের পর রবার্ট হাওয়ার্ডকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। হোয়াইট হাউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, প্রস্তাব গ্রহণ না করার বিষয়ে হাওয়ার্ড পারিবারিক ও আর্থিক কারণ উল্লেখ করেছেন।
এদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম সপ্তাহ সম্পর্কে ট্রাম্প বলেছেন, সবকিছু চমৎকারভাবে একটি যন্ত্রের মতো চলছে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে, নিজের প্রশাসনের মধ্যে বিশৃঙ্খলার গুজবকে উড়িয়ে দেন তিনি।
বরং এজন্য গণমাধ্যমকেই দায়ী করেছেন ট্রাম্প। এরইমধ্যে, যুক্তরাষ্ট্রের সুরক্ষা নিশ্চিতে আগামী সপ্তাহে নতুন নির্বাহী আদেশ জারির কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।