যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা উপদেষ্টা হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এইচআর ম্যাকমাস্টারের নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সাবেক নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনের স্থলাভিষিক্ত হবেন।
যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর কর্মকর্তা হিসেবে ম্যাকমাস্টার ইরাক এবং আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। তাকে দক্ষ সামরিক চিন্তাবিদ, যুদ্ধকৌশলবিদ এবং স্পষ্টভাষী হিসেবে গন্য করা হয়। নিজের লেখা 'ডিরেলিকশন অব ডিউটি' বইয়ে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর যুক্ত হওয়ার তীব্র সমালোচনা করেছেন ম্যাকমাস্টার।
এর আগে সাবেক নিরাপত্তা উপদেষ্টা ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ ছিল, দায়িত্ব গ্রহণের আগেই রাশিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে রুশ রাষ্ট্রদূতকে আশ্বাস দিয়েছিলেন তিনি।
এদিকে, ফ্লিনের পদত্যাগের পর নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ট্রাম্পের পছন্দের তালিয়ায় প্রথমে ছিলেন ভাইস অ্যাডমিরাল রবার্ট হাওয়ার্ড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাওয়ার্ড পদ নিতে অস্বীকৃতি জানান।