যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের দ্রুত বহিষ্কারে ট্রাম্প প্রশাসন যে কঠোর নির্দেশনা জারি করেছে তার নিন্দা জানিয়েছে মেক্সিকো।
দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারেই বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের এ একতরফা সিদ্ধান্ত মেনে নিতে পারে না। মেক্সিকান অভিবাসীদের অধিকার আদায়ে আন্তর্জাতিক সংগঠনগুলোর দ্বারস্থ হতেও তারা দ্বিধা করবেন না বলে জানান তিনি। নতুন করে ট্রাম্প প্রশাসনের জারি করা কঠোর নির্দেশনার ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের মধ্যে যারা ছোটখাটো অপরাধের অভিযোগে গ্রেপ্তার হয়েছে এবং তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো যাবে।
গত কয়েক দশকের মধ্যে এ প্রথম যুক্তরাষ্ট্রে বছরের পর বছর ধরে বসবাসরত অভিবাসীরা বিতাড়নের হুমকির মুখে পড়লেন, যাদের অধিকাংশই মেক্সিকো ও মধ্য আমেরিকার নাগরিক। যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১০ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। (সূত্র: বিবিসি)