কিম জং উনের সৎভাই কিম জং-ন্যামের হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাজির না হলে উত্তর কোরিয়ার এক কূটনীতিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছে মালয়েশিয়া।
সেলাঙ্গর রাজ্যের পুলিশ প্রধান আব্দুল সামা মাত জানিয়েছেন, ওই কূটনীতিক নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে বুধবার, কুয়ালালামপুরে উত্তর কোরিয়ার দূতাবাসের দ্বিতীয় সচিব হায়ন কোয়াং সংকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। ওই সচিবসহ উত্তর কোরিয়ার ৮ জন ন্যাম হত্যার ঘটনায় সংশ্লিষ্ট রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারীর রাসায়নিক হামলায় নিহত হন কিম ন্যাম। স্নায়ুকে বিকল করা রাসায়নিক ভিএক্স এজেন্ট প্রয়োগ করেই তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে মালয়েশিয়া। কারণ ন্যামের মরদেহে ভয়ংকর এই রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া গেছে।